জয়পুরহাটের কালাই উপজেলায় এক মেয়েকে সিঁদুর দিতে চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার পুনট মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সুবর্ণা (৪০), মলিনা রানী (৫৫), গোবিন্দ (৪৫), জয় (২৫) ও চিচোরুন (৪৬)। তাঁদের মধ্যে সুবর্ণা, মলিনা রানী ও গোবিন্দ মেয়ে পক্ষের এবং জয় ও চিচোরুন ছেলেপক্ষের বলে জানা গেছে।
আহতদের মধ্যে তিনজনকে জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরে গুরুতর আহত চিচোরুনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লবী নামের এক মেয়েকে শারদীয় দুর্গাপূজার দশমীতে দোলন নামের এক ছেলে সিঁদুর দিতে চেয়েছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
ছেলেপক্ষের দাবি, তাঁদের তিনটি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এ সময় একজনের পায়ের রগ কেটে দেওয়া হয় এবং দুজনকে আহত করা হয়। পাশাপাশি নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ তাঁদের।
অন্যদিকে, পল্লবীর পক্ষের দাবি, প্রতিপক্ষ তাঁদের ওপর হামলা চালিয়েছে। এতে তাঁদের পক্ষের তিনজন আহত হয়েছেন।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “আমরা ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
